শুক্রবার
২৩ জানুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বৈশ্বিক বাজারের প্রভাবে দেশের সোনার বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। আজ শুক্রবার দাম কমার কয়েক ঘণ্টার মধ্যেই ভরিপ্রতি সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন এই দর দুপুর সোয়া ১২টা থেকে কার্যকর হয়েছে।
দাম বাড়ার ফলে দেশের জুয়েলারি দোকানে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে অলংকার তৈরি করতে হলে এই দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। এতে এক ভরি সোনার অলংকার কিনতে মোট খরচ পড়বে ২ লাখ ৮৩ হাজার ৭৩৫ টাকা।
আজ দুপুর সোয়া ১২টার দিকে নতুন করে দাম বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর আগে টানা তিন দফা বড় দর বৃদ্ধির পর গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভরিপ্রতি ৩ হাজার ১৪৯ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল সংস্থাটি, যা আজ সকাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। সে অনুযায়ী সকালে ২২ ক্যারেট সোনার দাম নেমে আসে ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকায়। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই সেই কমতির দ্বিগুণের বেশি বাড়ানো হলো দাম।
বিশ্ববাজারে গতকাল হঠাৎ আরেক দফা বড় উত্থান ঘটে সোনার দামে। এতে প্রতি আউন্স সোনার দাম দাঁড়ায় ৪ হাজার ৯৫২ ডলার, যা বৈশ্বিক বাজারে সর্বোচ্চ। ইরানে বিক্ষোভ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টাসহ নানা ভূরাজনৈতিক অস্থিরতার কারণে এক মাস ধরেই সোনার দাম ঊর্ধ্বমুখী। এর সরাসরি প্রভাব পড়ছে দেশের বাজারেও।
করোনার পর গত পাঁচ বছরে দেশ ও আন্তর্জাতিক বাজারে সোনার দাম দ্রুত বেড়েছে। ২০২৩ সালের ২১ জুলাই ভরি এক লাখ টাকা, গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ, অক্টোবরে দুই লাখ এবং গতকাল বৃহস্পতিবার আড়াই লাখ টাকা অতিক্রম করে সোনার দাম।
নতুন দর অনুযায়ী আজ দুপুর সোয়া ১২টা থেকে— ২২ ক্যারেট: ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
আজ সকালে দাম কমার সময়— ২২ ক্যারেট: ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৩৮ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ৪ হাজার ৩ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা।
জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, সর্বশেষ দফায় ২২ ক্যারেটে ৬ হাজার ২৯৯ টাকা, ২১ ক্যারেটে ৬ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটে ৫ হাজার ১৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৪ হাজার ৪৩২ টাকা দাম বাড়ানো হয়েছে।