মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

২৩ জানুয়ারি ২০২৬

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

জামায়াত আমির চট্টগ্রামে আসছেন — ২ ফেব্রুয়ারি নির্বাচনী সফর শুরু

নিউজ ডেস্ক: নির্বাচনী সফরের অংশ হিসেবে আগামী ২ ফেব্রুয়ারি (সোমবার) চট্টগ্রাম সফরে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে নগরের দেওয়ানবাজারে মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চল দায়িত্বশীল সমাবেশে এ তথ্য জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে ব্যাপক জনমত গড়ে তোলা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। একই সঙ্গে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, জনগণ যেন কোনো ভয়ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। একটি গ্রহণযোগ্য নির্বাচনই চলমান রাজনৈতিক সংকট থেকে দেশকে উত্তরণের পথ দেখাতে পারে।

তিনি জানান, জামায়াতে ইসলামী গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাসী এবং শান্তিপূর্ণ ও সাংবিধানিক আন্দোলনের মাধ্যমেই জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।

জামায়াত আমিরের চট্টগ্রাম সফর প্রসঙ্গে তিনি বলেন, এই সফরের মাধ্যমে চট্টগ্রামের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। জামায়াত আমিরের সফরে চট্টলা আবার জেগে উঠবে—ইনশাআল্লাহ। এ সফর সফল করতে চট্টগ্রাম অঞ্চলের সব স্তরের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ, চট্টগ্রাম টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বারসহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।