শনিবার
২৪ জানুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।
শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বাংলাদেশের নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার এবং টি–টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের বিষয়েও কথা বলেন।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ইসলামপন্থী দলটির ক্ষমতায় আসার সম্ভাবনা নেই।
তিনি বলেন, “যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হয় এবং কারচুপি হয়, তাহলে তারা ক্ষমতায় আসতে পারে। অন্যথায় তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই কম। দলটির ভোটের হার পাঁচ থেকে সাত শতাংশের বেশি নয়, তাও আবার অন্য রাজনৈতিক দলগুলোর সহায়তায়।”
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে শ্রিংলা বলেন, “যারা বর্তমানে অন্তর্বর্তী প্রশাসন পরিচালনা করছেন, তারা নির্বাচিত নন। তারা নিজেরাই সেই অবস্থানে বসেছেন এবং এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, যা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, ভারত সরকার বরাবরই চায় বাংলাদেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিক। তবে বাস্তবে সেটি হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
সীমান্ত ও অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যসভার এই সদস্য বলেন, বাংলাদেশ থেকে লোকজন রাজনৈতিক স্বার্থে ভারতে এসে অবস্থান করছে, যা একটি সমস্যা। এই চর্চা বন্ধ করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ভারত চায় বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাক।
বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের প্রসঙ্গে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, কোনো নির্দিষ্ট টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ক্রীড়াজগতের স্বার্থের পরিপন্থী। তিনি বলেন, এই সিদ্ধান্ত ক্রিকেটের সামগ্রিক স্বার্থে নেওয়া হয়নি এবং ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে তাঁর অনেক বন্ধু আছেন, যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত এবং তারাও এ সিদ্ধান্ত নিয়ে উদ্বিগ্ন।