রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৭ জানুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ভোটের মাঠে হুঁশিয়ারির ঝড়—আঘাতের বদলা আঘাতেই, বললেন নাহিদ ইসলাম

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রার্থীদের ওপর আঘাত এলে পাল্টা আঘাত আসবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা-৮ আসনের অন্তর্গত ফকিরাপুলে দলের স্থানীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে গেলে সেখানে তাঁকে বাধা দেওয়া হয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। তিনি বলেন, এর আগের দিন ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপরও বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছেন।

হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, “যদি আমাদের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হয়, তবে অন্য দলের প্রার্থীদের দিকেও ডিম পড়বে। আমরা এমন পরিবেশ চাই না। কিন্তু নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে, তাহলে আমাদের যা করণীয়, আমরা তা-ই করব।”

তিনি আরও অভিযোগ করেন, গত কয়েক দিনে দেশের ছয়-সাতটি জেলায় ১১ দলের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামীর নারীকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। নির্বাচন কমিশন ও পুলিশের নীরবতায় একটি বিশেষ দল আচরণবিধি লঙ্ঘন করে সুবিধা নিচ্ছে, যা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে বলে দাবি করেন তিনি।

বিএনপির প্রতি ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, “আপনারা যদি আওয়ামী লীগের মতো সন্ত্রাসী কায়দায় প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরাতে চান, তাহলে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্থক্য কোথায়? গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণ কোনো সন্ত্রাসী রাজনীতি মেনে নেবে না।”

২০১৮ সালের নির্বাচন ও ২৮ অক্টোবরের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তখন আপনারা মাঠে দাঁড়াতে পারেননি। আজ সমালোচনা সহ্য করতে পারছেন না। নাসীরুদ্দীন পাটওয়ারী কে বেয়াদব আর কে গ্যাংস্টার—তা ১২ ফেব্রুয়ারি জনগণ ব্যালটের মাধ্যমে নির্ধারণ করবে।”

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাতে গেলেও হাবিবুল্লাহ বাহার কলেজে তাঁদের ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশের উপস্থিতিতেই তাঁর কর্মীদের ওপর কিল, ঘুষি ও লাথি মারা হয়েছে বলে তিনি দাবি করেন। নারী সদস্যদের ওপর বরফ নিক্ষেপে একজনের মাথায় চারটি সেলাই লেগেছে বলেও জানান তিনি।

হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে তিনি মির্জা আব্বাসের ভাগনে আদিত্যের নাম উল্লেখ করেন। পাশাপাশি ছাত্রদলের কয়েকজন সাবেক নেতার সরাসরি নেতৃত্বে হামলা হয়েছে বলেও অভিযোগ করেন।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইসি একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছে এবং প্রার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা না দিয়ে ঝুঁকির মধ্যে ফেলেছে। তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।