রবিবার
০১ ফেব্রুয়ারি ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রায়েরবাগ-শনিরআখড়া এলাকায় টানা সাত দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌন ১টার দিকে রায়েরবাগ-শনিরআখড়া সড়ক অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী।
বিক্ষোভকারীরা জানান, গত সাত দিন ধরে তাদের এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন গ্যাস না থাকায় রান্নাবান্নাসহ দৈনন্দিন জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প জ্বালানি ব্যবহার করছে, যা একদিকে ব্যয়বহুল, অন্যদিকে ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্যই তারা সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন বলে জানান আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীরা আরও বলেন, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। অবরোধের ফলে ঢাকা ও চট্টগ্রামমুখী যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষ, পণ্যবাহী যান এবং দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে গ্যাস সরবরাহ পুনরায় চালুর বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ তুলে নেওয়ার প্রশ্নে অনড় অবস্থানে রয়েছেন আন্দোলনকারীরা।
ডেমরা জোনের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সাজেদুর রহমান বলেন, “রায়েরবাগ ও শনিআখড়া এলাকায় সাত দিন ধরে গ্যাস না থাকায় স্থানীয় বাসিন্দারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমাদের একাধিক টিম কাজ করছে। দ্রুতই অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।”