রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০৮ ফেব্রুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ঝাউতলায় গভীর রাতের অভিযান—দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও দুইটি কার্তুজসহ একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, খুলশী থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ লোকমান হোসেনের নেতৃত্বে সঙ্গীয় কনস্টেবল ৯০৪৯ সাইফুল ইসলাম ও ড্রাইভার কনস্টেবল ২২৮৫ মো. ইসমাইল হোসেন স্পেশাল-৩৩ (নাইট) ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে খুলশী থানাধীন ঝাউতলা বাজার সংলগ্ন রেলস্টেশনের টিকিট কাউন্টারের দক্ষিণ পাশে জিন্নাতের ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মো. ফরহাদ (২৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামী মো. ফরহাদ মৃত শফিকুল ইসলাম সবুরের পুত্র। তার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন মুরাদপুর এলাকায়। বর্তমানে তিনি সিএমপির খুলশী থানার ১৩ নম্বর ওয়ার্ডের সেগুন বাগান এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, আসামির দখল থেকে একটি কালো রঙের স্টিলের বাটযুক্ত দেশীয় তৈরি একনলা বন্দুক (বাটসহ দৈর্ঘ্য ১৮ ইঞ্চি), একটি লাল রঙের কার্তুজ (ELEY-12-12) এবং একটি সবুজ রঙের খালি কার্তুজ (RIOAMMO-12 GA) উদ্ধার করা হয়।

এ ঘটনায় খুলশী থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর- ৯, তারিখ- ৮ ফেব্রুয়ারি ২০২৬। সংশ্লিষ্ট ধারা: ১৯এ/১৯(ফ), অস্ত্র আইন, ১৮৭৮।

এদিকে সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, গ্রেফতারকৃত মো. ফরহাদের বিরুদ্ধে খুলশী থানায় পূর্বে সন্ত্রাসবিরোধী আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পেনাল কোডসহ একাধিক মামলায় অভিযুক্ত থাকার তথ্য রয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আরও তদন্ত চলমান রয়েছে।