সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১১ ফেব্রুয়ারি ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কাস্টমসের অনাপত্তি: ছেড়ে দেওয়া হয়েছে জামাত নেতার 'টাকার ব্যাগ'

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে যে জামায়াত নেতা আটক হয়েছেন, তার ‘টাকার ব্যাগ’ ঢাকার শাহজালাল বিমানবন্দরেও শনাক্ত হয়েছিল। পরে কাস্টমসের অনাপত্তিতে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

ঢাকা থেকে বিমানে সৈয়দপুর, ৫০ লাখ টাকাসহ জেলা জামায়াতের আমির আটক

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে প্রায় অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করার কথা জানান নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

তিনি বলেন, অসুস্থবোধ করায় পরে বেলালকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম। তিনি ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক।

তিনি বেলা ১১টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে টাকার ব্যাগ নিয়ে সৈয়দপুরে যান। সৈয়দপুর বিমানবন্দরের স্ক্যানিংয়ে তার ব্যাগে টাকা থাকার বিষয়টি ধরা পড়ে।

ঢাকা থেকে যাওয়া যাত্রীর ব্যাগ সৈয়দপুরে ধরা পড়ল, কিন্তু ঢাকার বিমানবন্দরে কেন ধরা পড়ল না, এমন প্রশ্নের উত্তরে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ বলেন, ঢাকাতেও তার ব্যাগে টাকা থাকার বিষয়টি ধরা পড়েছিল।

“বিষয়টি বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষকে অবগত করলে তারা এতে অনাপত্তি জানান। তাছাড়া অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই।”

এদিকে ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাংবাদিকরা।

জবাবে জামায়াতের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, “আমার পকেটে টাকা আছে, আমাকে ধরতে যাবে কেন। অদ্ভূ প্রশ্ন আইনশৃঙ্খলা বাহিনী করছে, এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছেন। এটা পরিকল্পিতভাবে জামায়াতের নেতৃবৃন্দকে প্রশ্নবিদ্ধ করতে কাজটা করা হচ্ছে।’’

তিনি বলেন, “আমরা তার মুক্তি চাই। অবিলম্বে তার চিকিৎসার ব্যবস্থা করা এবং পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।”

সূত্র: বিডিনিউজ।