বৃহস্পতিবার
১২ ফেব্রুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তিনি ভোট দেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান।
তারেক রহমানের ভোটদানকে কেন্দ্র করে এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রে সেনাবাহিনী ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তারেক রহমান। বিএনপি সূত্র জানিয়েছে, দল সরকার গঠন করলে তিনিই হবেন প্রধানমন্ত্রী। তার ভোটদান উপলক্ষে কেন্দ্রটি নেতাকর্মীদের বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যম ও বিদেশি পর্যবেক্ষকদের নজরও ছিল এই কেন্দ্রে।
তিনি ঢাকা-১৭ আসনের পাশাপাশি তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকেও ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫ নভেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২৭ নভেম্বর তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হন।
বিএনপির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদবিরোধী আন্দোলনের সময় তারেক রহমান মায়ের সঙ্গে রাজপথে আন্দোলনে অংশ নেন। ১৯৮৮ সালে বগুড়া জেলা বিএনপির গাবতলী উপজেলা ইউনিটের সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে দলে সক্রিয় হন।
১৯৯১ সালের নির্বাচনের আগে তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশব্যাপী প্রচারণায় অংশ নেন। ১৯৯৩ সালে বগুড়া জেলা ইউনিটে একটি সম্মেলনের আয়োজন করেন, যেখানে গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচন করা হয়। পরে অন্যান্য জেলা ইউনিটকেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনে উৎসাহিত করেন।
২০০২ সালে তাকে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মনোনীত করা হয়। ২০০৫ সালে তিনি দেশব্যাপী তৃণমূল সম্মেলন আয়োজন করেন এবং উপজেলা ইউনিটগুলোর সঙ্গে মতবিনিময় করেন। ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সময় গ্রেপ্তার হন এবং পরে চিকিৎসার জন্য বিদেশে যান।
২০০৯ সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাগারে থাকাকালে তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। এরপর থেকে তিনি দলীয় কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছেন।
গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এর পর ৯ জানুয়ারি দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে অনুমোদন দেয়।