রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকায় উদ্বোধনের আগেই নবনির্মিত একটি সড়ক ধসে পড়ার ঘটনা ঘটেছে।
মহানগরীর কাশিমপুর ৬ নম্বর ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকায় কয়েক কিলোমিটার সড়ক নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র কয়েক দিনের মাথায় এই বিপর্যয় ঘটে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। নির্বাচনের ঠিক কয়েক দিন আগে তড়িঘড়ি করে রাস্তার ঢালাই কাজ সম্পন্ন করা হয়। ঢালাই শেষ হওয়ার মাত্র তিন দিন পরেই রাস্তাটিতে ফাটল ধরে এবং বিশাল অংশ দেবে যায়।
এলাকাবাসীর দাবি, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং যতটুকু ঢালাই প্রয়োজন ছিল, তা দেওয়া হয়নি।
সড়কের বড় একটি অংশ কয়েক ফুট নিচে দেবে যাওয়ায় এবং বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভও আতঙ্ক বিরাজ করছে।
রাস্তার বিভিন্ন অংশে ফাটল আরও প্রশস্ত হচ্ছে এবং সড়কের একটি অংশ ভেঙে কয়েক ফুট নিচে দেবে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমন অবস্থায় ওই এলাকার সাধারণ মানুষের মনে দুর্ঘটনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান জানান, রাস্তাটি নদীর পাড় ঘেঁষে নির্মাণ করা হচ্ছে। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বলে তিনি মন্তব্য করেন। তবে এর পেছনে পরিকল্পনার কোনো ত্রুটি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানাবেন বলে আশ্বস্ত করেছেন।