রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১৬ ফেব্রুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল এনসিপি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে এ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস–এর উপস্থিতিতে এনসিপির পক্ষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, এনসিপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে—এমন বিশ্বাস ছিল সবার, আজ সেই বিশ্বাস পূর্ণতা পেয়েছে। তিনি নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

স্বাক্ষর শেষে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আইনি ভিত্তি না থাকায় আগে এনসিপি সনদে স্বাক্ষর করেনি। এখন নোট অব ডিসেন্ট বাদ রেখেই দলটি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে।

তিনি জানান, গণভোটে জনগণের রায় ‘হ্যাঁ’-এর পক্ষে এসেছে এবং সেই রায় বাস্তবায়নের লক্ষ্যেই এনসিপি সংসদে যাচ্ছে।

নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন এবং জনগণের দেওয়া আস্থা বাস্তবায়নে তারা কাজ করবেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট স্বাক্ষর করে। সে সময় এনসিপি সনদে সই না করলেও পরবর্তীতে স্বাক্ষরের সুযোগ থাকার কথা জানিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন।