মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, এটি বিএনপির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের সময় গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল, সংসদকে অকার্যকর করে রাখা হয়েছিল। জনগণের রক্তের বিনিময়ে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আজ আমরা একটি কার্যকর সংসদ ফিরে পেয়েছি।
মির্জা ফখরুল আরও বলেন, সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিএনপি তাদের তরুণ নেতা তারেক রহমানকে সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করেছে। দল আশাবাদী, তার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে।
সংসদীয় দলের প্রথম বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুলে ধরে বিএনপি মহাসচিব জানান, দলের সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি গ্রহণ করবেন না এবং সরকারের কাছ থেকে কোনো প্লটও নেবেন না। এটি রাজনীতিতে দায়িত্বশীলতা ও সাদামাটা জীবনযাপনের দৃষ্টান্ত স্থাপন করবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে একই দিন সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।