বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী শপথ নেওয়ার পর প্রথমবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের অর্থনীতিতে বড় পরিবর্তনের সংকল্প ব্যক্ত করেছেন।
তিনি স্পষ্ট করে বলেন, “পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে।”
মন্ত্রী বলেন, প্রাথমিক চ্যালেঞ্জ হলো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গুলোর দুরবস্থা। “প্রফেশনালিজম, স্বচ্ছতা, এবং কার্যকারিতা আনা আমাদের এক নম্বর কাজ। না হলে বড় প্রোগ্রামও কাজ করবে না।”
দ্বিতীয়ত, তিনি ঘোষণা করেছেন অর্থনীতির ‘গণতন্ত্রীকরণ’: লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, যাতে প্রতিটি মানুষ সুযোগ পায় অর্থনীতিতে অংশ নেওয়ার এবং তার সুফল ভোগ করার।
তৃতীয় পদক্ষেপ হিসেবে মন্ত্রী বলেছেন, “সফল করতে হলে সিরিয়াস ডিরেগুলেশন এবং লিবারলাইজেশন করতে হবে। বাংলাদেশ এখন অতিরিক্ত বিধিবিধানের বেড়াজালে আবদ্ধ। আমরা সবাইকে সমান অধিকার দেবো।”
আমীর খসরু ২০০১ সালে বিএনপি সরকারের বাণিজ্যমন্ত্রী ছিলেন। এবার নতুন সরকারে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।
বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, যেখানে পৃষ্ঠপোষকতার রাজনীতি থাকবে না, বরং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে।