শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখা বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব, আর রমজানে এ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর–এ সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের সময় রোজা সামনে থাকায় বিশেষ প্রস্তুতির সুযোগ কম ছিল। তবে ইতিবাচক দিক হলো—বর্তমানে যে পরিমাণ খাদ্য মজুদ রয়েছে, তা বাজারমূল্য স্থিতিশীল রাখতে যথেষ্ট।
সিলেটের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী প্রচারণা ও ইশতেহারে সিলেটবাসীর জীবনমান উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে কাজ করা হবে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, আইটি খাতের প্রসার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশগুলো বড় বড় ডিজিটাল কর্মসূচি গ্রহণ করছে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এআই প্রশিক্ষণ দিচ্ছে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে।
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তিনি বলেন, বিনিয়োগ বাড়াতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক জটিলতা কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তার বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।
মন্ত্রী আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এসব উদ্যোগের বাস্তব ফল দৃশ্যমান হবে।
এ সময় সিলেটের স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।