রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২১ ফেব্রুয়ারি ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ডাইনি অপবাদে শিশুসহ মাকে পুড়িয়ে হত্যা

ডাইনিবিদ্যা চর্চার অভিযোগে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ১০ মাস বয়সী শিশুসহ এক মাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামীও গুরুতর দগ্ধ হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, এই ঘটনায় জড়িত আরও ব্যক্তিদের খোঁজে তল্লাশি চলছে।

ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে, ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে ভারতে ডাইনিবিদ্যা চর্চার অভিযোগে আড়াই হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। তাঁদের অধিকাংশই নারী। কয়েক মাস আগে বিহারেও একই অভিযোগে একটি পরিবারের পাঁচ সদস্যকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের ঘটনা সাধারণত আদিবাসী জনগোষ্ঠী অধ্যুষিত এলাকাগুলোতেই বেশি দেখা যায়। সাধারণত এসব এলাকায় কুসংস্কারের প্রবণতা বেশি এবং কার্যকর জনস্বাস্থ্যব্যবস্থার অভাবে স্থানীয়রা হাতুড়ে চিকিৎসকদের ওপর নির্ভরশীল।

ঝাড়খণ্ডের যে এলাকায় মা ও শিশুকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, তার নাম কুদসাই পল্লি। এলাকাটি রাজ্যের রাজধানী রাঁচি থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত ৫০টি কাঁচা বাড়ির এক দুর্গম আদিবাসী গ্রাম। গ্রামটির সাম্প্রতিক কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে গুজব ছড়িয়ে পড়ে যে ভুক্তভোগী জ্যোতি সিংকু ডাইনিবিদ্যা চর্চা করেন।

জ্যোতির স্বামী কোলহান সিংকু জানান, মঙ্গলবার স্থানীয় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হলে রাতেই কয়েক ডজন ব্যক্তি তাঁদের বাড়িতে হামলা করে। এ সময় জ্যোতি ও তাঁদের সন্তানকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।