রবিবার
০১ মার্চ ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১ মার্চ) নগরের মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।
অভিযানে মুরাদপুরের বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারি নামের প্রতিষ্ঠানে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। সেখানে স্যাঁতসেঁতে ফ্লোর, ভাঙা ও নোংরা টাইলস, নষ্ট ফ্রিজে খাবার সংরক্ষণ, ফ্রিজের ভেতরে তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি এবং প্রতিষ্ঠানের ভেতরে বিড়াল ঘোরাফেরার মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে।
এছাড়া খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি অনুসরণ না করা, খাদ্যপণ্য (ঘি) লেবেলিংয়ে নির্ধারিত নিয়ম না মানা, অসম্পূর্ণ লেবেলিং এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করাসহ নানা অসঙ্গতি পরিলক্ষিত হয়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৮ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে, নগরের পাঁচলাইশ এলাকায় অবস্থিত মিঠাই আউটলেটেও অভিযান চালানো হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মোড়কজাত, সংরক্ষণ ও বিক্রয় এবং খাদ্যদ্রব্যে অসম্পূর্ণ লেবেলিংয়ের মতো অনিয়মের প্রমাণ মেলে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রাম সিটি করপোরেশন, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।