বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০৪ মার্চ ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

হালিশহরে ফ্ল্যাট বিস্ফোরণ: তদন্তে নেমেছে ফায়ার সার্ভিসের কমিটি, ১৫ দিনের মধ্যে প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হালিশহরে ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের ছয়জন নিহত হওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর গঠিত তদন্ত কমিটি।

বুধবার (৪ মার্চ) সকাল ১০টায় হালিশহর এলাকার এইচ ব্লকে এসি মসজিদ সংলগ্ন ছয়তলা ‘হালিমা মঞ্জিল’ ভবনের তৃতীয় তলার ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটটি সরেজমিনে ঘুরে দেখেন কমিটির সদস্যরা। এ সময় তারা বিস্ফোরণের সম্ভাব্য উৎস, গ্যাস লাইনের সংযোগ, অভ্যন্তরীণ পাইপলাইন এবং ভবনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।

এর আগে ২৪ ফেব্রুয়ারি ভোরে ওই আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় সর্বশেষ ১ মার্চ মো. শিপন হোসেন (৩০) মারা গেলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়জনে।

নিহতরা হলেন— মো. সাখাওয়াত হোসেন (৪৬), আশুরা আক্তার পাখি (৩০), সামির আহমেদ সুমন (৪০), নূরজাহান আক্তার রানী (৪০), শাওন (১৬) ও মো. শিপন হোসেন (৩০)।

আহত বাকি তিনজন বর্তমানে ঢাকায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

ঘটনার পর ২৬ ফেব্রুয়ারি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে গঠিত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। সম্ভাব্য সব কারণ বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।