রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

১২ মার্চ ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত যুবদল নেতা, চালক পুলিশের হাতে

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাই-এ ড্রাম ট্রাকের ধাক্কায় উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কামাল উদ্দিন (৪০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে বড়তাকিয়া–জাতীয় অর্থনৈতিক অঞ্চল সড়কের নিপপন ইস্পাত কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ড্রাম ট্রাকের চালক খলিল হাওলাদারকে আটক করেছে।

নিহত কামাল উদ্দিন খইয়াছড়া ইউনিয়ন-এর পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মুজিবুল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজে নিজেই গাড়ি চালিয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন কামাল উদ্দিন। পথে নিপপন ইস্পাত কারখানার সামনে গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তার প্রাইভেটকারের সামনে ধাক্কা দিলে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গাড়ির ভেতরে আটকে পড়েন।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ড্রাম ট্রাক চালক খলিল হাওলাদারকে মিরসরাই থানা পুলিশ আটক করে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করেছে। আহত অবস্থায় কামাল উদ্দিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।