বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর টেরিবাজারে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ তাদের মৃত ঘোষণা করা হয়।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—মোহাম্মদ ইউনুস (৫২) ও সোলায়মান (২৮)। তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ১০টার দিকে নগরীর টেরিবাজারের বক্সির বিট এলাকায় অবস্থিত ১২ তলা অর্কিড প্লাজার চতুর্থ তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা জানান, আগুনে ভবনটির চতুর্থ তলার টেইলারিং শপ, কাপড়ের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে।
তিনি আরও জানান, আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে পঞ্চম তলা থেকে দুইজন এবং ষষ্ঠ তলা থেকে একজনকে উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
উল্লেখ্য, অর্কিড প্লাজা ভবনের বিভিন্ন তলায় তৈরি পোশাক, টেইলারিং ও কাপড়ের দোকানসহ নানা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।