বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান-এ প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এবারের জামাতের বিশেষ আকর্ষণ—রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে এতে অংশ নেবেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঈদগাহ ময়দানে প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, দীর্ঘদিন পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটিই প্রথম ঈদ। তাই এবারের ঈদ জামাত বিশেষ তাৎপর্য বহন করছে। সাধারণ মুসল্লিরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে একই জামাতে নামাজ আদায়ের সুযোগ পাবেন।
প্রতিমন্ত্রী আরও জানান, সরকারের নির্দেশনায় এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হয়েছে এবং নৌ, রেল ও সড়কপথে যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মো. আবদুস সালাম, আতিকুর রহমান রুমন, মনজুর মোর্শেদ চৌধুরী, শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং মো. সরওয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জানান, ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে ৩ হাজার ৫০০ নারী মুসল্লির জন্য আলাদা ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, নারীদের জন্য পৃথক প্রবেশপথ, অজু ও নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া মুসল্লিদের জন্য মেডিক্যাল টিম ও পর্যাপ্ত অজুখানার সুবিধাও নিশ্চিত করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে প্রবেশের সময় গেট সীমিত রাখা হবে, তবে নামাজ শেষে দ্রুত বের হওয়ার জন্য সব গেট খুলে দেওয়া হবে বলে জানান তিনি।
আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ অনুষ্ঠিত হবে।
ডিএসসিসি প্রশাসক মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই ঈদগাহে উপস্থিত হওয়ার আহ্বান জানান এবং আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।