শনিবার
২১ মার্চ ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ ভিন্ন মাত্রা পেয়েছে। এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং গণতান্ত্রিক অধিকার ভোগ করছে।
শনিবার (২১ মার্চ) সকালে নগরের উত্তর কাট্টলী এলাকায় দারুছ সালাম জামে মসজিদ-এ ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “মানুষ মুক্ত পরিবেশ না পেলে ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারে না। বর্তমান গণতান্ত্রিক পরিবেশ সেই সুযোগ তৈরি করেছে। এখন ভয়ের পরিবেশ নেই, সবাই স্বাধীনভাবে তাদের অধিকার ভোগ করছে।”
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব শ্রেণি-পেশার মানুষ এখন এক ভিন্ন ও মুক্ত পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করছে।
ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন, “আগামী দিনের বাংলাদেশ হবে ‘রেইনবো বাংলাদেশ’। এখানে নাগরিকদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।”
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমরা সবাই মিলেই এই ঈদের আনন্দ উপভোগ করছি। দেশ যেন এভাবেই থাকে—মানুষ যেন মুক্তভাবে চলতে, কথা বলতে এবং তাদের সাংবিধানিক, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে।”
তিনি দাবি করেন, নির্বাচনের পর জনগণ অনেকাংশে তাদের মালিকানা ফিরে পেয়েছে বলেও মনে করেন।
শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর ছেলে ইসরাফিল খসরুসহ পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা।