শনিবার
২১ মার্চ ২০২৬
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামে বাস উল্টে পথচারীসহ দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পথচারী আবুল কাশেম (৬৫) ও মো. সোলায়মান (৪০)। তাদের মধ্যে কাশেমের বাড়ি ভাটিখাইন ইউনিয়ন এলাকায়। নিহত সোলায়মান বাসটির চালকের সহকারী বলে ধারণা করছে পুলিশ।
হাইওয়ে পুলিশ পটিয়া ক্রসিং থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথে বাইপাস এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ডান পাশের ডিভাইডারের ওপর তুলে দেন।
তিনি বলেন, “এতে পথচারী কাশেমসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন।” দুর্ঘটনার পর বাসের চালককে পাওয়া যায়নি বলে জানান তিনি। প্রাথমিকভাবে নিহত সোলায়মানকে চালকের সহকারী হিসেবে শনাক্ত করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পাইকপাড়া পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উল্টে যাওয়া বাসের ভেতর থেকে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।