সোমবার
২৩ মার্চ ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগেজে ৩০০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। এসব সিগারেটের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
সোমবার (২৩ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিটে সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০১ (OV-401)-এর যাত্রী আতিকুর রহমানের ব্যাগেজ তল্লাশি করে এসব সিগারেট উদ্ধার করা হয়। আতিকুর রহমানের বাড়ি বাঁশখালী উপজেলায়।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সহযোগিতায় কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। তল্লাশির সময় তার ব্যাগেজ থেকে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার করা সিগারেট থেকে ৬ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। জব্দকৃত সিগারেট ডিএম (ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, আটক যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস কর্তৃপক্ষ মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।
আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরে এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস বিভাগের তৎপরতা ও নজরদারি জোরদার রয়েছে বলেও জানান তিনি।