বুধবার
২৫ মার্চ ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউস-এ আয়োজিত এক অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয় অর্জন করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এই যুদ্ধে ইরান-এর নৌবাহিনী, বিমানবাহিনী ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।
তিনি আরও দাবি করেন, ইরানের শীর্ষ নেতৃত্বকে নির্মূল করা হয়েছে। নতুন নেতৃত্ব গঠনের চেষ্টাও প্রতিহত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
শান্তি আলোচনার প্রসঙ্গে ট্রাম্প জানান, তার সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ সরাসরি ইরানের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। এ প্রক্রিয়ায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্ত রয়েছেন।
ট্রাম্প দাবি করেন, ইরান এখন একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী এবং তারা পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে। পাশাপাশি তেল-গ্যাস ইস্যুতে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রকে একটি ‘গুরুত্বপূর্ণ সুবিধা’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান তিনি।
এদিকে উপসাগরীয় দেশগুলোর ভূমিকাও প্রশংসা করেন ট্রাম্প। তিনি সংযুক্ত আরব আমিরাত-কে ‘চমৎকার’ এবং কাতার-কে ‘দুর্দান্ত’ হিসেবে উল্লেখ করেন।
তবে সতর্ক সুরে ট্রাম্প বলেন, “আমি কাউকে বিশ্বাস করি না।” তিনি জানান, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়াই বর্তমানে ইরানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।