বুধবার
২৫ মার্চ ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ মার্চ) সকালে বাংলাদেশ সচিবালয়-এ নিজ দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই ডাক টিকিট অবমুক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
জানা গেছে, সকাল ৯টা ২ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। দাপ্তরিক কিছু জরুরি কাজ শেষে সকাল সাড়ে ৯টায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি স্মারক ডাক টিকিট উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অতিরিক্ত প্রেস সচিব জানান, এদিন বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সাধারণত বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হলেও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি থাকায় বৈঠকটি একদিন এগিয়ে আনা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর পর এবার নতুন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে।