বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৫ মার্চ ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

জুলাই সংশ্লিষ্ট ৪ অধ্যাদেশে ঐকমত্য, ১২০টির যাচাই শেষ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে জুলাই বিপ্লব সংশ্লিষ্ট চারটি অধ্যাদেশের বিষয়ে সংসদীয় বিশেষ কমিটির সব সদস্য ঐকমত্য পোষণ করেছেন।

বুধবার (২৫ মার্চ) জাতীয় সংসদ ভবন-এর কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির মুলতবি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী বলেন, “আমরা এরই মধ্যে ১২০টি অধ্যাদেশ যাচাই-বাছাই সম্পন্ন করেছি। পর্যালোচনার ক্ষেত্রে ‘জুলাই সনদ’ এবং সংবিধানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে জুলাই সংক্রান্ত চারটি অধ্যাদেশে কমিটির সবাই একমত হয়েছেন।”

তিনি আরও জানান, অবশিষ্ট অধ্যাদেশগুলো নিয়ে আগামী ২৯ মার্চ পুনরায় আলোচনা করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের এই বিশেষ কমিটির বৈঠক বুধবার দুপুর ২টায় শুরু হয়। এর আগে মঙ্গলবার প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে ১৪ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

কমিটির দায়িত্ব হলো—অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কোনগুলো স্থায়ী আইন হিসেবে বহাল থাকবে এবং কোনগুলো বাতিল হবে, তা যাচাই করে সুপারিশ প্রণয়ন করা।

গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী এসব অধ্যাদেশ উত্থাপন করেন। সংসদীয় বিধান অনুযায়ী, ৩০ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

কমিটির সভাপতি জয়নুল আবেদিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নুরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটির সদস্যরা জানিয়েছেন, অবশিষ্ট ১৩টি অধ্যাদেশ নিয়ে ২৯ মার্চের বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত সুপারিশ তৈরি করা হবে, যা পরবর্তীতে সংসদে উপস্থাপন করা হবে।