রবিবার
২৯ মার্চ ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও হিজবুল্লাহর যৌথ হামলার প্রেক্ষিতে ইসরাইলের শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) নেগেভ মরুভূমি অঞ্চলের নিওত হোভভ শিল্পাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ছড়িয়ে পড়ে।
ইসরাইলের পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের ফলে বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যদিও রামাত নেগেভ আঞ্চলিক কাউন্সিলের আশপাশের শহরগুলোতে তাৎক্ষণিক বড় কোনো ঝুঁকি নেই বলে জানানো হয়েছে।
ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের শকওয়েভে অন্তত একজন আহত হয়েছেন। ঘটনাস্থলের ৪০ নম্বর মহাসড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের বিকল্প পথে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, হামলাটি সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত নয়, বরং প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকেও আগুন লাগতে পারে।
স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে দেখা গেছে, শিল্পাঞ্চল থেকে আকাশে ঘন কালো ধোঁয়া উঠছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হোম ফ্রন্ট কমান্ড বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার, জানালা বন্ধ রাখার এবং এয়ার কন্ডিশনার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
এর আগে সামরিক বাহিনী জানিয়েছিল, রোববার ইরান থেকে একাধিক ধাপে ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করা হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে সেগুলো প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের খবর না পাওয়া গেলেও সম্ভাব্য ঝুঁকি এড়াতে এলাকায় তল্লাশি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।