রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০২ এপ্রিল ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

এলপিজির দাম বেড়ে ১,৭২৮ টাকা, বাড়লো ভোক্তার ব্যয়

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে এই দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। ফলে এপ্রিল মাসে ভোক্তাদের অতিরিক্ত ৩৮৭ টাকা গুনতে হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এ মূল্য ঘোষণা করেন। নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের নতুন মূল্যও ঘোষণা করা হয়। এর মধ্যে সাড়ে ৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, সাড়ে ১২ কেজির ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজির ২ হাজার ১৬১ টাকা এবং ১৬ কেজির ২ হাজার ৩০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৫৯৩ টাকা, ২০ কেজির ২ হাজার ৮৮১ টাকা, ২২ কেজির ৩ হাজার ১৬৯ টাকা এবং ২৫ কেজির সিলিন্ডার ৩ হাজার ৬০১ টাকায় বিক্রি হবে।

বড় আকারের সিলিন্ডারের মধ্যে ৩০ কেজির ৪ হাজার ৩২১ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজির ৫ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিইআরসির সদস্য ড. সৈয়দা সুলতানা রাজিয়া, মো. আব্দুর রাজ্জাক, মো. মিজানুর রহমান এবং মো. শাহিদ সারওয়ার উপস্থিত ছিলেন।