শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: হরমুজ প্রণালির জটিলতা এড়াতে বাংলাদেশ এবার বিকল্প পথে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করছে।
লোহিত সাগরের তীরবর্তী সৌদি বন্দর ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এ তেল সরাসরি সাগরপথে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত শোধনাগার ইস্টার্ন রিফাইনারি-তে আনা হবে। তেলবাহী ট্যাংকারটি আগামী ২০ এপ্রিল লোড হওয়ার কথা রয়েছে।
এদিকে, ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে থাকা আরও এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বর্তমানে হরমুজ প্রণালি এলাকায় আটকা পড়েছে। জাহাজটি সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় বাংলাদেশে আসতে পারছে না।
যদিও ইরান সম্প্রতি বাংলাদেশের ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, এই জাহাজটি সেই তালিকায় নেই বলে জানা গেছে।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) জানিয়েছে, ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন তেল বহনকারী জাহাজ ছাড়াও হরমুজে আটকে থাকা আরেকটি জাহাজ মিলিয়ে মোট দুই লাখ মেট্রিক টন তেল মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে।
পরে এসব তেল ইস্টার্ন রিফাইনারি-তে পরিশোধন করে বাজারজাত করা হবে। এতে চলমান জ্বালানি সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।