রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০৩ এপ্রিল ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ—মন্ত্রিসভার কৃচ্ছ্রসাধন সিদ্ধান্ত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জ্বালানি সাশ্রয় ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে বিষয়গুলো জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী কার্যদিবস থেকে সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংকগুলোর কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কাজ শেষে বিকেল ৪টায় বন্ধ হবে।

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সন্ধ্যা ৬টার পর দেশের সব মার্কেট, দোকানপাট ও শপিংমল বন্ধ রাখতে হবে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান ও খাবারের দোকানের মতো জরুরি সেবাগুলো এ নির্দেশনার বাইরে থাকবে।

শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে, যা রোববার থেকে কার্যকর হতে পারে। একই সঙ্গে যানজট কমাতে ও জ্বালানি সাশ্রয়ে শুল্কমুক্ত সুবিধায় ‘ইলেকট্রিক বাস’ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্যিকভাবে এ ধরনের বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।

সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতের বাজেট থেকে ৩০ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন মাস কোনো নতুন সরকারি যানবাহন ও কম্পিউটার কেনা যাবে না। এছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও অভ্যন্তরীণ প্রশিক্ষণের ৫০ শতাংশ বন্ধ রাখা হবে।

এ সময় সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয়ও ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে।

জ্বালানি সংকটের কারণে বিয়ে বা উৎসবসহ কোনো বেসরকারি অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান সচিব।

এদিকে, ‘পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে, যার মাধ্যমে পাবলিক পরীক্ষায় অপরাধের শাস্তি আরও কঠোর করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সরকার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে তেল আমদানির উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।