রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০৩ এপ্রিল ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বিদেশি ওষুধে ১০০% শুল্ক আরোপে ট্রাম্পের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে উৎপাদিত নয়—এমন সব বিদেশি ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বৃহস্পতিবার এই ঘোষণা আসে, যা দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল। তবে হোয়াইট হাউস জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ করলে কোম্পানিগুলো এই শুল্ক এড়াতে পারবে।

ঘোষণা অনুযায়ী, যেসব ওষুধ যুক্তরাষ্ট্রে তৈরি হয় না, সেগুলোর ওপর এই উচ্চ শুল্ক প্রযোজ্য হবে। তবে জেনেরিক ওষুধ—যেগুলো যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ব্যবহৃত—সেগুলো এই নীতির বাইরে রাখা হয়েছে।

হোয়াইট হাউস বলছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রে ওষুধ উৎপাদন বাড়ানো এবং জাতীয় নিরাপত্তা ঝুঁকি কমানো।

নীতিতে বলা হয়েছে, যেসব কোম্পানি ২০২৯ সালের জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন উৎপাদন শুরু করার প্রতিশ্রুতি দেবে, তাদের জন্য শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা হবে। আর যারা সরকারের সঙ্গে মূল্য নির্ধারণে চুক্তি করবে, তাদের ক্ষেত্রে শুল্ক শূন্যেও নামিয়ে আনা হতে পারে।

ইতোমধ্যে অনেক বড় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে, ফলে তারা শুল্ক থেকে রেহাই পাবে। আগামী কয়েক সপ্তাহে আরও কোম্পানি এ ধরনের চুক্তিতে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই নীতির মূল উদ্দেশ্য হচ্ছে কোম্পানিগুলোকে দরকষাকষির টেবিলে আনা। ব্রুকিংস ইনস্টিটিউশন-এর সিনিয়র ফেলো রিচার্ড ফ্র্যাঙ্কের মতে, এর প্রকৃত প্রভাব নির্ভর করবে কত কোম্পানি শেষ পর্যন্ত চুক্তি করে তার ওপর।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ববর্তী বাণিজ্য চুক্তির আওতায় ইউরোপ, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ কিছু দেশের ক্ষেত্রে কম শুল্ক বহাল থাকবে।

হোয়াইট হাউস দাবি করেছে, এই শুল্ক নীতির ফলে ইতোমধ্যে ওষুধ কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে প্রায় ৪০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।