সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০৫ এপ্রিল ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

অনলাইন-অফলাইন ক্লাস চালু হবে কি না, সিদ্ধান্ত এই সপ্তাহেই

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস চালু করা হবে কি না—এ বিষয়ে চলতি সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত সিদ্ধান্ত নিতে।

মন্ত্রী বলেন, “আমরা এখনও স্টেকহোল্ডারদের সঙ্গে বসতে পারিনি। কাল-পরশুর মধ্যে তাদের সঙ্গে বৈঠক করে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেব। এরপর সেটি মন্ত্রিসভাকে জানানো হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।”

তিনি আরও জানান, আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে অংশীজনদের মতামত তুলে ধরা হবে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের মহানগরী এলাকার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়টি বিবেচনা করছে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, সব ধরনের ক্লাসে একই পদ্ধতি প্রয়োগ সম্ভব নয়, তাই কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, রোব ও সোমবারের মধ্যেই এসব পরামর্শ সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, “রোববার থেকেই ধীরে ধীরে নির্দেশনা দেওয়া শুরু হতে পারে, যাতে শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়।”

সরকারের লক্ষ্য, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রেখে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা।