মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে ঘিরে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এর বিচারক জুয়েল রানা তার রিমান্ড আবেদন নামঞ্জুর করার পাশাপাশি জামিন আবেদনও খারিজ করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালত প্রাঙ্গণ থেকে পুলিশ যখন তাকে নিয়ে যাচ্ছিল, তখন আইনজীবীরা তাকে ঘিরে ‘জয় বাংলা’ ও “ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” স্লোগান দিতে থাকেন।
এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে প্রথমে হাজতখানায় রাখা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আদালতে দাবি করেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শিরীন শারমিন চৌধুরীর সম্পৃক্ততা রয়েছে এবং জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এ কারণে তার দুই দিনের রিমান্ড আবেদন করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী বলেন, মামলায় তিনি ৩ নম্বর আসামি এবং তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে বলেন, অভিযোগে সুনির্দিষ্ট তথ্যের অভাব রয়েছে এবং ঘটনার দীর্ঘ সময় পর মামলা করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় আজিমপুর এলাকায় একটি মিছিলে হামলা চালানো হয়, যেখানে গুলিবিদ্ধ হয়ে আশরাফুল (ফাহিম) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন এবং স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারান।
ওই ঘটনায় ২০২৫ সালের ২৫ মে ভুক্তভোগী বাদী হয়ে শিরীন শারমিন চৌধুরীসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনার সময় রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে তার সম্পৃক্ততা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।