সোমবার
১৩ এপ্রিল ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতের ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এ বিষয়ে গত ৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়, যা সোমবার (১৩ এপ্রিল) বিভাগটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থমন্ত্রীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব।
সরকার জানায়, বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি ও বিদ্যুতের সংকট মোকাবিলা এবং বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হবে এবং তা মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে।
প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে এবং বিদ্যুৎ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।
সরকারের আশা, এ কমিটির মাধ্যমে জ্বালানি ও বিদ্যুৎ খাতের চলমান সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্ভব হবে।