বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১৮ এপ্রিল ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

দক্ষ তরুণরাই সমুদ্র খাতে বাংলাদেশের ভবিষ্যৎ — নৌ পরিবহনমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সক্ষমতা তুলে ধরবে। দক্ষ জনশক্তির মাধ্যমে সমুদ্র খাতে আরও এগিয়ে যেতে চায় বাংলাদেশ।

শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউট-এ ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর লক্ষ্য শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ নিশ্চিত করা। ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা শুধু ব্যক্তি নন, আপনারা জাতির সম্পদ। বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে আপনারা বাংলাদেশের পরিচয় তুলে ধরবেন এবং দেশের সক্ষমতা ও স্মার্টনেস প্রদর্শন করবেন।”

সমুদ্রে কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যারা এই কোর্স সম্পন্ন করে সমুদ্রে যাবেন, তারা ইতোমধ্যেই নানা প্রতিকূলতা মোকাবিলার দক্ষতা অর্জন করেছেন। জাহাজ ব্যবস্থাপনা কিংবা নৌ চলাচল—সবক্ষেত্রেই দৃঢ়তা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরও বলেন, পৃথিবীর প্রায় ৭০ শতাংশ জলভাগ একসময় দুর্গম ছিল, কিন্তু আধুনিক প্রযুক্তি সেই সীমাবদ্ধতা জয় করেছে। এ প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, কেবল অ্যাকাডেমিক সার্টিফিকেটভিত্তিক শিক্ষা অনেক সময় বেকারত্ব তৈরি করে, বিপরীতে দক্ষতাভিত্তিক শিক্ষা কর্মসংস্থানের পথ তৈরি করে।

১৯৯০-এর দশকে প্রতিষ্ঠিত মেরিটাইম প্রশিক্ষণ ব্যবস্থা থেকে ইতোমধ্যে হাজারো দক্ষ জনশক্তি তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এই খাত আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে অংশ নেওয়া ক্যাডেটদের স্বাস্থ্য সচেতনতার দিকেও দৃষ্টি আকর্ষণ করে তিনি দীর্ঘসময় রোদে থাকার কারণে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন।

অনুষ্ঠানে মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পাসিং আউট প্যারেডে অংশ নেওয়া ক্যাডেটদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দক্ষতা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।