মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং পরিবর্তন নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মধ্যেই আবারও নতুন রং নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, পুলিশের ইউনিফর্মে গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।
এ লক্ষ্যে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, পূর্বে জারি করা এসআরও অনুযায়ী পুলিশের শার্ট গাঢ় ধূসর এবং প্যান্ট গাঢ় নীল থেকে পরিবর্তন করে শার্ট ‘লোহার রং’ এবং প্যান্ট ‘কফি রং’ নির্ধারণ করা হয়েছিল। তবে মাঠপর্যায়ে এই পরিবর্তন নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি ঘিরে বাহিনীর ভেতরে-বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনাও শুরু হয়।
এ প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন রঙের নমুনা পর্যালোচনা করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শক্রমে নতুন করে রং নির্বাচন করেন।
নতুন প্রস্তাব অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের শার্টের রং হবে হালকা অলিভ (জলপাই)। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ছাড়া অন্যান্য ইউনিটের শার্টের রং নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল। উভয় ক্ষেত্রেই প্যান্টের রং থাকবে ‘টিসি টুইল খাকি’।
এই পরিবর্তন কার্যকর করতে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’-এর একাধিক বিধি সংশোধনের প্রস্তাব করা হয়েছে এবং প্রজ্ঞাপন জারির জন্য একটি খসড়াও ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইউনিফর্ম সরবরাহ প্রাপ্যতার ভিত্তিতে হয়ে থাকে, তাই এই পরিবর্তনে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক ব্যয় হবে না। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।