বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

শনিবার

২৫ এপ্রিল ২০২৬

১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

Logo

জ্বালানির দাম বাড়লেও বাসভাড়া ও পণ্যমূল্যে বাড়াবাড়ির সুযোগ নেই: বস্ত্রমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জ্বালানির দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বাসভাড়া ও নিত্যপণ্যের দামে অস্বাভাবিক বৃদ্ধি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এ ক্ষেত্রে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।

শনিবার (২৫ এপ্রিল) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ-এর গোদনাইল এলাকায় চিত্তরঞ্জন কটন মিল সংলগ্ন নিট শিল্প পল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জ্বালানির দাম বাড়লেও তা অজুহাত হিসেবে ব্যবহার করে পরিবহন ভাড়া বা নিত্যপণ্যের দাম ‘নাটকীয়ভাবে’ বাড়ানোর কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে নতুন বিনিয়োগকারীদের বেশি জ্বালানিনির্ভর শিল্প স্থাপনের পরিবর্তে কম জ্বালানিনির্ভর (লেস ফুয়েল ইন্টেনসিভ) শিল্প গড়ে তোলার দিকে গুরুত্ব দেওয়া উচিত।

শিল্প খাত নিয়ে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের পরই শিল্পকারখানায় সরবরাহ করা হয়। ফলে জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমেছে—এমন ধারণা পুরোপুরি সঠিক নয়। বরং বৈশ্বিক বাজারের মন্দাভাব রপ্তানিতে বড় প্রভাব ফেলছে।

বিটিএমসি শিল্প প্লট প্রসঙ্গে মন্ত্রী জানান, ইতোমধ্যে দুটি প্লটে শিল্প স্থাপন করা হয়েছে এবং আরও দুটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছে। তবে বাকি প্লটগুলোতে স্থানীয় দখল-সংক্রান্ত সমস্যা রয়েছে, যা দ্রুত সমাধান করে সেখানে বিনিয়োগ নিশ্চিত করা হবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এসএম জাহিদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।