মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশে জঙ্গিবাদ রয়েছে—এ বাস্তবতা স্বীকার করে তা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের কার্যক্রমের অগ্রগতি বিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জঙ্গি সংক্রান্ত তথ্য অত্যন্ত সংবেদনশীল, তাই এর সবকিছু প্রকাশ করা সম্ভব নয়। তবে সরকারের কাছে থাকা তথ্য অনুযায়ী দেশে জঙ্গি তৎপরতা রয়েছে এবং তা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অতীত ও বর্তমান সময়ের ব্যাখ্যা তুলে ধরে তিনি বলেন, একসময় জঙ্গিবাদকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়েছিল, আবার কেউ কেউ বলেছে দেশে জঙ্গি নেই—দুটো বক্তব্যই চরম। বাস্তবতা হলো, দেশে জঙ্গিবাদ ছিল এবং এখনো কিছুটা বিদ্যমান।
তিনি আরও বলেন, সম্প্রতি কিছু নিরাপত্তা সতর্কতার কারণে জনগণের মধ্যে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে ঝুঁকি বিবেচনায় সরকার সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
কারাগার থেকে ২০২৪ সালের ৫ আগস্ট কিছু জঙ্গি বেরিয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি সরকার নিয়মিত নজরদারির মধ্যে রেখেছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জামিনে থাকা জঙ্গিদের বিষয়ে তিনি বলেন, কেউ যদি পুনরায় একই ধরনের অপরাধে জড়িত হয়, তাহলে তাদের জামিন বাতিলে সরকার কঠোর অবস্থান নেবে এবং আদালতে আপিল করবে।
তিনি সতর্ক করে বলেন, “জঙ্গি” শব্দটি যেন অযথা ব্যবহার না করা হয়, কারণ অতীতে এ নিয়ে অতিরঞ্জিত পরিস্থিতি তৈরি হয়েছিল।
সবশেষে তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক পথে এগোচ্ছে এবং সরকার জঙ্গিবাদ সম্পূর্ণ নির্মূল করতে বদ্ধপরিকর।