শনিবার
০২ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজধানীর রমনা মডেল থানায় আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারাদেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন।
শনিবার (২ মে) দুপুরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তিনি থানাটি পরিদর্শন করেন। এ সময় মেট্রোপলিটন পুলিশের আওতাধীন রমনা থানার ডিউটি অফিসার কক্ষ, ওসির দপ্তরসহ বিভিন্ন শাখা ও হাজতখানার সার্বিক পরিবেশ সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজের অবস্থা ও সমস্যার কথা শোনেন। তিনি জনগণকে সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থানাগুলোকে দালালমুক্ত করতে হবে এবং সাধারণ মানুষের জন্য সহজ ও নির্ভরযোগ্য সেবার পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি আরও হুঁশিয়ারি দেন, দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।