শনিবার
০২ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: প্রায় দেড় বছর ধরে চলা টানাপড়েনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে ভিসা কার্যক্রম পূর্ণমাত্রায় চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও ভারত। এর অংশ হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে সব ধরনের ভিসা প্রদান শুরু করেছে। অন্যদিকে, ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রমে ফিরবে বলে জানিয়েছে দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি দিল্লি সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভিসা স্বাভাবিকীকরণকে অগ্রাধিকার ইস্যু হিসেবে তুলে ধরেন। বিষয়টি দুই দেশের কূটনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান পায়।
বর্তমানে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও চেন্নাইসহ বাংলাদেশের সব ভিসা কেন্দ্র চালু রয়েছে। ফলে দ্রুত পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালু করতে ভারতের কাছ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করছে ঢাকা।
ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বরে কিছু ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে সেগুলো পুনরায় চালু করা হয়েছে।
দুই দেশের এই উদ্যোগকে দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এতে ভ্রমণ, ব্যবসা ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।