সোমবার
০৪ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৪ মে) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়-এর আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা এবং সেগুলো পুনরায় চালুর উপায় নির্ধারণে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক চলে।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে প্রকল্প অনুমোদনের জটিলতা দূর করা জরুরি। দীর্ঘসূত্রতা ও বিভিন্ন দপ্তরের অনুমোদন প্রক্রিয়ার জটিলতা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে বলেও উল্লেখ করা হয়।
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে আগ্রহী বিনিয়োগকারীদের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি। এসব শিল্পপ্রতিষ্ঠান চালু হলে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে মে দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বন্ধ কল-কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেন তিনি।
তিনি আরও বলেন, শ্রমিক ও কৃষকের উন্নয়নই দেশের সার্বিক উন্নয়নের চাবিকাঠি। সাধারণ মানুষের জীবনমান উন্নত হলেই দেশ এগিয়ে যাবে।