রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০৪ মে ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

পশ্চিমবঙ্গে ভূমিধস জয়ের পথে বিজেপি, ‘পদ্মফুল ফুটেছে’—মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভূমিধস জয়ের পথে রয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২৯৪টি আসনের মধ্যে ভোট স্থগিত একটি বাদে ২৯৩টি আসনের গণনায় বড় ব্যবধানে এগিয়ে দলটি।

সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, বিজেপি ২০৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস মাত্র ৮২টি আসনে লিডে আছে, যা তাদের আগের নির্বাচনের তুলনায় অনেক কম।

এই অবস্থায় প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে।” সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি এ নির্বাচনকে “ঐতিহাসিক” উল্লেখ করে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

মোদি বলেন, “জনগণ বিজেপিকে অভাবনীয় ম্যান্ডেট দিয়েছে। আমরা পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব এবং সুশাসন নিশ্চিত করব।”

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস টানা চতুর্থবার জয়ের আশা প্রকাশ করলেও প্রাথমিক ফলাফলে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, চূড়ান্ত ফলাফলে এই ধারা অব্যাহত থাকলে পশ্চিমবঙ্গে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটতে পারে এবং প্রথমবারের মতো সরকার গঠন করতে পারে বিজেপি।