মঙ্গলবার
০৫ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে ২০২১-২২ অর্থবছরের অডিট রিপোর্ট পেশ করেছেন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম।
মঙ্গলবার (৫ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই রিপোর্ট হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
তিনি জানান, সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ওপর প্রণীত মোট ৩৮টি কমপ্লায়েন্স ও পারফরমেন্স অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। এসব রিপোর্টে বিভিন্ন পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সংবিধানের অনুচ্ছেদ ১২৮(১) এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (অ্যাডিশনাল ফাংশন্স) আইন, ১৯৭৪ অনুযায়ী এসব অডিট রিপোর্ট প্রণয়ন করা হয়।
এতে ১৭টি মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন বিভিন্ন অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠান ও প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। জাতীয় সংসদে উপস্থাপনের আগে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় এসব রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে পেশ করে।
এ সময় প্রধানমন্ত্রী সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের লক্ষ্য অর্জন হচ্ছে কিনা তা মূল্যায়নে কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিট জোরদারের নির্দেশ দেন।
অডিট রিপোর্ট পেশের সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।