বুধবার
০৬ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) আন্দিশেহ শহরের আরঘাভান কমার্শিয়াল কমপ্লেক্সে এ আগুন লাগে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি। ভবনটিতে ২৫০টিরও বেশি বাণিজ্যিক ইউনিট ছিল।
ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) জানিয়েছে, বিকেলে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও উদ্ধারকারী দল। আন্দিশেহ দমকল বিভাগের প্রধান আলী পাইদারানের বরাতে বলা হয়, ভবনের বাইরের অংশে ব্যবহৃত দাহ্য উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, উদ্ধার তৎপরতায় সাতটি দল এবং অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখনও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবনজুড়ে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।
ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।