রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০৬ মে ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

৫ আগস্ট পরবর্তী মামলার তালিকা চেয়েছে সরকার, যাচাই হবে জেলাভিত্তিক তথ্য

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময় দায়ের হওয়া মামলাগুলোর জেলাভিত্তিক তথ্য চেয়েছে সরকার। এসব মামলা যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু মামলা হয়েছে। এর মধ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলাও রয়েছে। এসব মামলার জেলাভিত্তিক তালিকা জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চাওয়া হয়েছে।

তিনি জানান, অনেক মামলায় একসঙ্গে হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে। এসব ক্ষেত্রে প্রকৃত অপরাধী কারা, তা যাচাই করে চিহ্নিত করা হবে। তদন্ত কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেবেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে, তাদের অব্যাহতির সুপারিশ করা হবে। পুরো প্রক্রিয়াটি আইনগতভাবে সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

মামলার তথ্য পাঠানোর সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, জেলা প্রশাসকদের ‘যথাশিগগির’ তথ্য পাঠাতে বলা হয়েছে। মৌখিকভাবে সর্বোচ্চ এক মাসের মধ্যে তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কেউ দেরি করলেও ন্যায়বিচারের স্বার্থে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।