বৃহস্পতিবার
০৭ মে ২০২৬
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


রোজী চৌধুরী: বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল আচরণ করতে হবে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব–এর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে একটি নির্বাচন হয়েছে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের পার্শ্ববর্তী অঞ্চল হওয়ায় এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে চায় না।
তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে সেখানে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে এবং ভোটদান থেকে বিরত রাখা হয়েছে। তাদের অধিকাংশই মুসলমান ও মতুয়া সম্প্রদায়ের মানুষ বলে দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, পশ্চিমবঙ্গে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে এবং তাদের ভোটাধিকার খর্ব করা হচ্ছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। নির্বাচনের পরও সেখানে মুসলিম, মতুয়া, দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতনের খবর পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের পর বাংলাদেশের দায়িত্ব আরও বেড়ে গেছে। বাংলাদেশকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া শক্তিগুলো নানা উসকানি ও সাম্প্রদায়িক অপপ্রচার চালানোর চেষ্টা করবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। বাংলার মুসলমান, দলিত, মতুয়া ও সব সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষায় বাংলাদেশকে ভূমিকা রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
এনসিপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের ভেতরে কোনো বিভেদ রাখা যাবে না। যে যেখান থেকেই আসুক না কেন, এনসিপির পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, ঐক্যই এনসিপির সবচেয়ে বড় শক্তি। দেশে আবারও সংকট তৈরি হয়েছে। জুলাই গণহত্যা ও সংস্কার বাস্তবায়নে এনসিপিকে সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই ভূমিকা রাখতে হবে।
আন্দোলনে অংশ নেওয়া নারীদের অবদানের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, রাজপথে আন্দোলন-সংগ্রামে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের অধিকার রক্ষায়ও কাজ করতে হবে।
হামের প্রকোপ বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশে আর কোনো শিশুর মৃত্যু হামের কারণে দেখতে চান না। এজন্য সরকারকে পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।