রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৭ মে ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বগুড়া পেল নতুন সিটি করপোরেশন, গঠন হলো আরও ৫ উপজেলা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশে নতুন করে বগুড়া সিটি করপোরেশন গঠন করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় আরও পাঁচটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান।

বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, শিবগঞ্জ উপজেলা ভাগ করে ‘মোকামতলা’, চকরিয়া উপজেলা ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলা ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুর সদর উপজেলা ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে।

এর মাধ্যমে দেশে সিটি করপোরেশনের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩টিতে। বর্তমানে দেশের অন্যান্য সিটি করপোরেশনগুলোর মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন ও ময়মনসিংহ সিটি করপোরেশন।

বর্তমানে দেশে উপজেলার সংখ্যা ৪৯৫। উপজেলা প্রশাসনের মাধ্যমে ৬৪ জেলার স্থানীয় মাঠ প্রশাসনে সরকারের উন্নয়ন কর্মসূচি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে।

এর আগে সর্বশেষ ডাসার উপজেলা, ঈদগাঁও উপজেলা এবং মধ্যনগর উপজেলা গঠন করা হয়েছিল।