রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০৮ মে ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামের বাজারে আগুন, ডিম-সবজিতে নাভিশ্বাস

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের খুচরা বাজারে আবারও বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। বিশেষ করে ডিম, সবজি, মাছ, মুরগি ও গরুর মাংসের দাম বেড়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এক মাসের কম সময়ের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা।

শুক্রবার (৮ মে) নগরের কর্ণফুলী মার্কেট, কাজীর দেউড়ি বাজার, বহদ্দারহাট কাঁচাবাজার ও চকবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাজারে সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়েছে প্রায় সব ধরনের পণ্যের দামে।

বর্তমানে নগরের বিভিন্ন বাজারে ফার্মের লাল ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়। সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। অথচ তিন সপ্তাহ আগেও এসব ডিমের দাম ছিল ১০০ থেকে ১১০ টাকার মধ্যে।

কাজীর দেউড়ি বাজারের ডিম বিক্রেতা মো. সোহেল বলেন, বৃষ্টির কারণে ডিমের চাহিদা বেড়েছে। পাশাপাশি পাইকারি বাজারে দাম বাড়ানো হয়েছে। তাই খুচরা পর্যায়েও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

সবজির বাজারেও স্বস্তি নেই ক্রেতাদের। অধিকাংশ সবজিই ৬০ টাকার নিচে মিলছে না। বেগুন, শসা, কাঁচামরিচ, টমেটোসহ বিভিন্ন সবজির দাম গত দুই সপ্তাহে কেজিতে ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

বহদ্দারহাট বাজারের সবজি ব্যবসায়ী আবদুল কাদের বলেন, বৃষ্টির কারণে বিভিন্ন জেলা থেকে সবজি কম আসছে। আবার পরিবহন ভাড়াও বেড়েছে। ফলে দাম বাড়াতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।

মুরগির বাজারেও বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৬০ টাকা এবং হাইব্রিড সোনালি ৩২০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে গরুর মাংসের দাম বেড়ে কেজিপ্রতি ৮০০ থেকে ৮৫০ টাকায় উঠেছে। মাছের বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। এক কেজি ওজনের রুই মাছ ৩৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। বড় আকারের রুই বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকায়। পাঙাশ, তেলাপিয়া ও পাবদা মাছের দামও কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

চকবাজারের ক্রেতা জাহিদুল ইসলাম বলেন, কয়েক মাস আগে বাজারে কিছুটা স্বস্তি ছিল। এখন প্রতিদিনই নতুন করে কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। সীমিত আয়ের মানুষের জন্য সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

সরকারি সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী, গত এক মাসে বেগুনের দাম ৮২ শতাংশ, কাঁচামরিচের দাম ৬৭ শতাংশ এবং শসার দাম ৩০ শতাংশ বেড়েছে। একই সময়ে ডিমের দামও প্রায় ১৫ শতাংশ বেড়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় এবং সরবরাহ সংকটের কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক শূন্য ৪ শতাংশে পৌঁছেছে।