শনিবার
০৯ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সিএমপির ডিবি (উত্তর) বিভাগের টিম-৩২ গত বৃহস্পতিবার (৭ মে ২০২৬) চট্টগ্রাম মহানগর এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার ওয়াসা মোড় এলাকায় অবস্থিত টেস্টি ট্রিট ফাস্টফুড দোকানে অভিযান চালিয়ে মো. ফয়সাল আহমেদ রনি (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি (মেড ইন ইন্ডিয়া) উদ্ধার করা হয়।
পরবর্তীতে ফয়সাল আহমেদ রনির দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার থানার দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমিনুল হক বাপ্পী (৩৯) নামে আরও এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় আরও ১১ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি।
গ্রেফতারকৃত দুই আসামির কাছ থেকে মোট ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের বিভিন্ন উৎস থেকে এসব গুলি সংগ্রহ করে নগরীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।