রবিবার
১০ মে ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নে হালিমা আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
রোববার (১০ মে) বেলা ১১টার দিকে পশ্চিম বরৈয়া গ্রামের কালু মাঝির বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হালিমা আক্তার উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসহাকের মেয়ে। তার স্বামী মিজানুর রহমান।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৫ অক্টোবর হালিমার সঙ্গে মিজানুর রহমানের বিয়ে হয়। তাদের সংসারে মিশকাতুল জান্নাত নামে দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে একাধিকবার সালিস বৈঠকও হয়েছে।
শনিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রোববার সকালে ঘরের ভেতর থেকে হালিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন বলে অভিযোগ পরিবারের।
নিহতের বড় ভাই নঈম উদ্দিন জানান, ভোর সাড়ে ৬টার দিকে হালিমার স্বামী ফোন করে আত্মহত্যার খবর দেন। ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন, মরদেহটি শয়নকক্ষের ছাদের সঙ্গে ঝুলছিল এবং পা মাটিতে স্পর্শ করা অবস্থায় ছিল। এতে পরিবারের সন্দেহ, হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
মো. জুনায়েত চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।