বুধবার
১৩ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করা হবে। তিনি বলেন, শিক্ষাখাতে সরকার কোনো ধরনের কার্পণ্য করবে না। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েও সরকার কাজ করছে।
বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওমেরার সঙ্গে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার বিদ্যমান জট দূর করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় একজন শিক্ষার্থী যেন ১০ বছরের মধ্যে এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি সম্পন্ন করতে পারে, সে উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে শেষ করতে আজই একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সিলেবাস যথাযথভাবে সম্পন্ন করে কীভাবে সময় নষ্ট না করে পরীক্ষা নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হবে।
এর আগে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ৬০০ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ‘অন-গ্রিড ওপেক্স মডেল’ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, এই প্রকল্পের মাধ্যমে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবস্থাপনা নিশ্চিত হবে এবং ক্যাম্পাসে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ও কলেজের বোর্ড অব গভর্নরসের সভাপতি আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এছাড়া কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন, ওমেরা রিনিউএবল এনার্জি লিমিটেডের প্রতিনিধিসহ শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।